মঙ্গলবার দুপুর থেকেই দুর্যোগ, কলকাতাসহ দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা

কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে মঙ্গলবার দুপুর থেকে ফের প্রকৃতির রুদ্ররূপ দেখার আশঙ্কার কথা জানাল হাওয়া অফিস।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ এবং শিলাবৃষ্টির সম্ভাবনায় জারি হয়েছে সতর্কতা। সোমবার থেকে দুর্যোগের সূচনা হলেও মঙ্গলবার পরিস্থিতি আরও তীব্র হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস।হাওয়া অফিসের ব্যাক্ষা, রাজ্যের উপর দুটি সক্রিয় নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বঙ্গজুড়ে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। এই পরিস্থিতির জেরেই উত্তর ও দক্ষিণ,উভয় বঙ্গেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।উত্তর বঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে।অন্য দিকে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতায় মঙ্গলবার প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত দুপুরের পর থেকেই আবহাওয়ার দ্রুত অবনতি হতে পারে।পূর্বাভাস অনুযায়ী, ঝড়ের সময় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রপাত এবং কিছু জেলায় শিলাবৃষ্টিও হতে পারে। ইতিমধ্যেই সোমবার রাত থেকে কলকাতা ও শহরতলীর বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টি শুরু হয়েছে, যার সঙ্গে রয়েছে ঘন ঘন বজ্রপাত।আবহাওয়াবিদদের মতে, এই দুর্যোগের জেরে মঙ্গলবার তাপমাত্রা কিছুটা কমলেও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। কলকাতায় সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার মেঘলা আকাশের পাশাপাশি দুপুরের পর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।তবে এই দুর্যোগ দীর্ঘস্থায়ী নয়। আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কিন্তু একই সময়ে উত্তর বঙ্গের পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত চলতে পারে।অন্য দিকে, সপ্তাহের শেষে ফের বাড়বে গরমের তীব্রতা। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে বলে পূর্বাভাস। ফলে বাড়বে অস্বস্তিকর গরম ও আর্দ্রতা।এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকা, গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।সব মিলিয়ে, সপ্তাহের শুরুতে ঝড়-বৃষ্টির তাণ্ডবের পর সপ্তাহের শেষেই ফের গরমের দাপট,এই দুই চরম আবহাওয়ার মাঝে দোলাচলে থাকতে চলেছে বঙ্গবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *