জল সংকটে উত্তাল দুর্গাপুর, সড়ক অবরোধ, পুলিশ ও নেতাকে ঘিরে বিক্ষোভ

দুর্গাপুরে জলসংকটকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। শহরের সগড়ভাঙা মাঝের মোড়ে জলের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। ফলে গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে এলাকায় পর্যাপ্ত পানীয় জলের সমস্যা চলছিলই। শুক্রবার সকালে “জল নেই কেন?”—এই প্রশ্ন তুলে সগড়ভাঙা পাম্পিং স্টেশনে জড়ো হন ক্ষুব্ধ বাসিন্দারা। সেখানে কর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর পরই তারা রাস্তায় নেমে অবরোধ শুরু করেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলন কারীরা। উত্তেজনা আরও বাড়ে, যখন এক স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন। বিক্ষোভ কারীরা তাকে ঘিরে ধরে ক্ষোভ উগরে দেন।আন্দোলনকারীদের স্পষ্ট হুঁশিয়ারি, “যতক্ষণ না জলের সমস্যা মিটছে, ততক্ষণ আন্দোলন চলবে।”এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন বলেন,“ভোটের আগে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এক শ্রেণীর আধিকারিক চক্রান্ত করছে।”অন্যদিকে, বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল তৃণমূলের বিরুদ্ধে কটাক্ষ করে বলেন, “মানুষের মৌলিক চাহিদা মেটাতে ব্যর্থ রাজ্য সরকার। জল সমস্যাই তার প্রমাণ।”ঘটনাকে কেন্দ্র করে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। প্রশাসনের পক্ষ থেকে সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হলেও, আন্দোলনকারীরা আপাতত অবস্থান থেকে সরতে নারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *