ভোট ঘোষণা হতেই প্রশাসনিক রদবদল, মুখ্যসচিব নন্দিনী ও স্বরাষ্ট্রসচিব জগদীশকে সরাল কমিশন

রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে সবে।তার চব্বিশ ঘন্টাও কাটলো না। কয়েক ঘণ্টার মধ্যেই বড় প্রশাসনিক রদবদল করল নির্বাচন কমিশন।মুখ্য সচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হল নন্দিনী চক্রবর্তীকে। একই সঙ্গে দায়িত্ব থেকে সরানো হয়েছে রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকেও। কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাঁরা নির্বাচনী সংক্রান্ত কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না।নন্দিনী চক্রবর্তীর জায়গায় নতুন মুখ্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হযল আইএএস আধিকারিক দুষ্মন্ত নারিওয়ালাকে। দুষ্মন্ত নারিওয়ালা ১৯৯৩ ব্যাচের আইএএস আধিকারিক। এত দিন তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দফতরের দায়িত্ব সামলেছেন তিনি। অতিরিক্ত দায়িত্ব হিসেবে সেচ দফতরের কাজও দেখেছেন।অন্যদিকে জগদীশপ্রসাদ মীনার পরিবর্তে রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব করা হয়েছে সংঘমিত্রা ঘোষকে।নতুন স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ ১৯৯৭ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার। এত দিন তিনি নারী ও শিশুকল্যাণ দফতরের প্রধান সচিব ছিলেন। ওই দফতরের অধীনে নারী-শিশু কল্যাণ, সামাজিক সুরক্ষা এবং বিভিন্ন সামাজিক প্রকল্পের প্রশাসনিক কাজের দায়িত্বে ছিলেন তিনি।নির্বাচন কমিশনের নির্দেশ, সোমবার দুপুর ৩টার মধ্যে নতুন দায়িত্ব গ্রহণ করতে হবে তাঁদের।রবিবার বিকেলে সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই ঘোষণার পর থেকেই রাজ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে। এই সময়ে প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতে কমিশনের হাতে বিশেষ ক্ষমতা থাকে। প্রয়োজনে রাজ্য সরকারের আমলা, পুলিশকর্তা বা প্রশাসনিক আধিকারিকদের বদলির নির্দেশ দিতে পারে %dকমিশন। সেই ক্ষমতা ব্যবহার করেই রাজ্যের দুই শীর্ষ আমলাকে দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।অতীতে নির্বাচন ঘোষণার পরে পুলিশ সুপার বা পুলিশ কমিশনার স্তরে বদলির নজির রয়েছে। এমনকি স্বরাষ্ট্রসচিবও বদল করা হয়েছে। তবে মুখ্যসচিব পর্যায়ে এমন সিদ্ধান্ত সাম্প্রতিক সময়ে বিরল বলেই মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ।২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময়েও নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের তৎকালীন স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্যকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল। একই সময়ে সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক পদে থাকা রাজীব কুমারকেও সরানো হয়েছিল।তবে এ বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হবে দুই দফায়।২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *