গোবরডাঙ্গা রেলবাজারে ভোরের আগুনে আতঙ্ক, পুড়ে ছাই একাধিক দোকান

উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা স্টেশন লাগোয়া রেলবাজার এলাকায় মঙ্গলবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চাঞ্চল্য ছড়ায় ঘটনায়। আগুনের লেলিহান শিখায় মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় পরপর একাধিক দোকান। তবে ঘটনাটি ঘটেছে সকালবেলায় দোকানপাট খোলার আগেই। ফলে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পান স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার খুব ভোরে হঠাৎ করেই রেলবাজার এলাকায় একটি দোকান থেকে ধোঁয়া এবং আগুনের শিখা বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন পাশের দোকানগুলিতেও ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছেই আগুন নেভানোর কাজ শুরু করে দমকলকর্মীরা।এদিকে আগুনের ব্যাপকতা বাড়তে থাকায় হাবরা ও অশোকনগর থেকে আরও দমকলের ইঞ্জিন গোবর ডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেয়।পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছেছে গোবরডাঙ্গা থানার পুলিশও। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়েছে।প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।তবে আগুনের সূত্রপাত এখনও স্পষ্ট নয়। দমকল ও পুলিশ যৌথভাবে ঘটনাটির তদন্ত শুরু করেছে।স্থানীয় ব্যবসায়ীদের অনেকেই জানিয়েছেন, আগুন লাগার সময় দোকানগুলো বন্ধ থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। যদি সেই সময় বাজার খোলা থাকত, তবে প্রাণহানির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যেত না। তবে অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকানের মালপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা। এই ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের তৎপরতার প্রশংসাও করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *