নবদ্বীপে ভোটের আগে উত্তেজনা, বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ, থানায় ধর্না, তৃণমূলের অস্বীকার, তদন্তে পুলিশ
বিধানসভা নির্বাচনের মুখে নদীয়ার নবদ্বীপে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামীর গাড়িতে হামলার অভিযোগকে ঘিরে। শুক্রবার ব্যাদরাপাড়া গুমটি এলাকায় প্রচারের সময় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়।অভিযোগ, প্রচারের জন্য যাওয়ার সময় আচমকা দুই দুষ্কৃতী প্রার্থীর গাড়ির উপর চড়াও হয়। গাড়িতে ওই সময় উপস্থিত না থাকলেও চালককে লক্ষ্য করে হেনস্থা ও মারধরের অভিযোগ ওঠে। ঘটনাটি সামনে আসতেই দ্রুত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।খবর পেয়ে বিজেপি কর্মীসমর্থকেরা রাস্তায় নেমে পড়েন এবং দোষীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। এর ফলে কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।পরবর্তীতে বিক্ষোভকারীরা নবদ্বীপ থানায় গিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন। দীর্ঘক্ষণ ধরে চাপ সৃষ্টি করার পর অবশেষে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ তুলে নেওয়া হয়।ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী দাবি করেন, “নির্বাচনের আগে বিরোধীদের কণ্ঠরোধ করতেই এই ধরনের হামলা হচ্ছে। সম্ভবত আমাকেই টার্গেট করা হয়েছিল। এখন নিজের নিরাপত্তা নিয়েও চিন্তা বাড়ছে। নবদ্বীপে শান্তি থাকলেও তা শ্মশানের শান্তি।”অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। নবদ্বীপ শহর তৃণমূল সভাপতি সুজিত সাহা বলেন, “এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। প্রশাসন নিরপেক্ষ তদন্ত করুক। নবদ্বীপে তৃণমূলের জয় নিশ্চিত, এখানে বিজেপি ও সিপিএম দ্বিতীয় ও তৃতীয় স্থানের লড়াইয়ে রয়েছে।”পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট তথ্য মেলেনি।ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে নবদ্বীপ শহরজুড়ে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের প্রাক্কালে এই ধরনের ঘটনা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে।





