রাসবিহারীতে বাড়ি বাড়ি প্রচারে দেবাশীষ কুমার, উন্নয়ন ইস্যুতেই ভরসা তৃণমূলের

দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ কেন্দ্র রাসবিহারী বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে জোর বাড়াল তৃণমূল কংগ্রেস। দলের প্রার্থী দেবাশীষ কুমার শনিবার ৮৯ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি।এদিন সকাল থেকেই প্রচারে নেমে পড়েন দেবাশীষ কুমার। স্থানীয় রাস্তাঘাট, বাজার ও আবাসন এলাকায় গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। প্রচারের সময় তাঁর সঙ্গে ছিলেন দলের স্থানীয় কর্মী সমর্থকরাও। এলাকার প্রবীণ থেকে তরুণ ভোটার,সবাইয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তুলতেই এই ‘ডোর-টু-ডোর’ প্রচারে জোর দিয়েছেন বলে জানান তৃণমূল প্রার্থী।প্রচারের ফাঁকেই আত্মবিশ্বাসী সুরে দেবাশীষ বলেন, গত পাঁচ বছরে রাসবিহারী কেন্দ্রের যে উন্নয়ন হয়েছে, তার ভিত্তিতেই মানুষ আবারও তৃণমূলের উপর ভরসা রাখবেন। তাঁর দাবি, পরিকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, আলো বাতাসের ব্যবস্থা থেকে শুরু করে নাগরিক পরিষেবার উন্নতিতে উল্লেখযোগ্য কাজ হয়েছে এই এলাকায়। সেই কাজই এবার ভোটে প্রভাব ফেলবে বলে মনে করছেন তিনি।বিরোধীদের ‘অনুন্নয়ন’ অভিযোগকে উড়িয়ে দিয়ে পাল্টা প্রশ্নও তোলেন তৃণমূল প্রার্থী। তাঁর কথায়, “যেখানে উন্নয়ন হয়নি, সেটা নির্দিষ্ট করে দেখাক বিরোধীরা। শুধু অভিযোগ করলেই মানুষ তা বিশ্বাস করবে না।” তিনি আরও বলেন, বিরোধীদের প্রচার বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং সাধারণ মানুষ সেই ফারাক বুঝতে পারছেন।গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বড় ব্যবধানে জয়ী হয়েছিলেন দেবাশীষ কুমার। প্রায় ২১ হাজারের বেশি ভোটে জয়ের স্মৃতি উল্লেখ করে তিনি বলেন, “সমর্থন পেলেই জয় নিশ্চিত। ব্যবধান বাড়বে কিনা, সেটা নির্ভর করছে মানুষের আশীর্বাদের উপর।” তবে তাঁর দাবি, এবারের নির্বাচনে ফল আরও ভালো হতে পারে।প্রচারের সময় একটি বিতর্কিত ইস্যুতেও সরব হন তিনি। এসআইআর প্রসঙ্গে তিনি অভিযোগ তোলেন, ভোটার তালিকা সংক্রান্ত প্রক্রিয়ায় বহু হিন্দু নাম বাদ পড়েছে। এই বিষয়টি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং প্রশাসনের কাছে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানান। তাঁর বক্তব্য, ভোটার তালিকা সংক্রান্ত যে কোনও ত্রুটি দ্রুত সংশোধন করা উচিত, যাতে কেউ ভোটাধিকার থেকে বঞ্চিত না হন।রাজনৈতিক মহলের মতে, রাসবিহারী কেন্দ্র শহুরে ভোটারদের কেন্দ্র হওয়ায় এখানে উন্নয়ন, নাগরিক পরিষেবা ও স্থানীয় ইস্যুই মূল ফ্যাক্টর হিসেবে কাজ করে। সেই কারণেই তৃণমূল প্রার্থী উন্নয়নকে সামনে রেখেই প্রচারের কৌশল নিয়েছেন।অন্যদিকে, বিরোধীরাও এই কেন্দ্রে নিজেদের জমি শক্ত করতে মরিয়া। ফলে শেষ মুহূর্তে প্রচারের তীব্রতা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। তবে আপাতত আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমার, যিনি উন্নয়নের হিসেব দেখিয়েই ভোটারদের মন জয়ের লক্ষ্যে এগোচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *