রাহুলকে শ্রদ্ধার্ঘ্য, বিনামূল্যে মুক্তির পথে ‘ছবিওয়ালা’—হল মালিকদের কাছে বিশেষ আবেদন
টলিউডে এখনও শোকের আবহ কাটেনি রাহুল অরুনোদয় বন্দ্যোোধ্যায়ের অকালপ্রয়াণের পর। এই পরিস্থিতিতেই এক অনন্য উদ্যোগ সামনে আনলেন তাঁর শেষদিকের ছবি ‘ছবিওয়ালা’-র নির্মাতারা। প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানাতে ছবিটি সম্পূর্ণ বিনামূল্যে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।পরিচালক শুভ্রজ্যোতি ওরফে বাপ্পা জানিয়েছেন, এই ছবিকে ঘিরে কোনওরকম বাণিজ্যিক ভাবনা নেই তাঁদের। বরং একটাই লক্ষ্য।যত বেশি সম্ভব দর্শকের কাছে রাহুলের কাজ পৌঁছে দেওয়া। সেই কারণেই রাজ্যের বিভিন্ন প্রেক্ষাগৃহের মালিকদের কাছে বিশেষ আবেদন জানানো হয়েছে, যাতে তাঁরা সহযোগিতার হাত বাড়ান এবং বিনা টিকিটে ছবিটি প্রদর্শনের সুযোগ করে দেন।ছবিটির নাম নিয়েও রয়েছে আবেগঘন পরিবর্তন। প্রথমে ছবির নাম ছিল ‘নেগেটিভ’। কিন্তু রাহুলের আকস্মিক মৃত্যু নির্মাতাদের গভীরভাবে নাড়িয়ে দেয়। সেই থেকেই সিদ্ধান্ত।ছবির নাম বদলে রাখা হবে ‘ছবিওয়ালা’, যা এক শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রতীক হয়ে উঠবে।এই ছবিতে রাহুল অভিনয় করেছেন ‘বিশ্বকর্মা’ নামে এক চিত্রগ্রাহকের চরিত্রে। গল্পে দেখা যায়, জীবদ্দশায় যিনি স্বীকৃতি পান না, কিন্তু মৃত্যুর পর তাঁর কাজের প্রকৃত মূল্য বোঝা যায়।একেবারেই বাস্তবের সঙ্গে মিলে যাওয়া এক প্রতীকী উপস্থাপনা। তাঁর স্ত্রীর ভূমিকায় রয়েছেন দেবোলীনা দত্ত। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রীলেখা মিত্র, শান্তনু নাথ এবং রানা বসু ঠাকুরকে।সংগীতের দিক থেকেও ছবিটি বিশেষ আকর্ষণীয়। সুরকার সৌম্য রীতুর সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন রূপম ইসলাম,সোমলতা,আচার্য্য চৌধুরী এবং জোজো মুখার্জি।যা ছবির আবেগকে আরও গভীর করে তুলবে বলেই মনে করছেন নির্মাতারা।সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী মে মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘ছবিওয়ালা’। এখন নজর প্রেক্ষাগৃহ মালিক ও ইন্ডাস্ট্রির প্রতিক্রিয়ার দিকে। নির্মাতাদের বিশ্বাস, সকলের সহযোগিতা পেলে এই ব্যতিক্রমী উদ্যোগ সফল হবে।বাণিজ্যের বাইরে দাঁড়িয়ে, এক শিল্পীর স্মৃতিকে সম্মান জানিয়ে এই উদ্যোগ টলিউডে নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে,এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আর শেষ পর্যন্ত, পর্দার আলো-ছায়াতেই হয়তো বেঁচে থাকবেন রাহুল, তাঁর নিজের তৈরি চরিত্রগুলোর মধ্যেই।





