তালসারি রহস্যে গতি, কলকাতায় আসতে পারে ওড়িশা পুলিশের

তালসারির সমুদ্রসৈকতে তরুণ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু ঘিরে তদন্তে নড়েচড়ে বসেছে ওড়িশা পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় একাধিক অসঙ্গতি সামনে আসায় তদন্তে জোরদার তৎপরতা শুরু হয়েছে। প্রয়োজন হলে তদন্তের স্বার্থে পুলিশের একটি দল শীঘ্রই কলকাতায় আসতে পারে বলেও সূত্রের খবর।গত ২৯ মার্চ তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে যান রাহুল। সেই ঘটনার পর থেকেই একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।শুটিংয়ের জন্য প্রয়োজনীয় অনুমতি আদৌ ছিল কি না, নিরাপত্তা ব্যবস্থা কতটা মানা হয়েছিল, এবং ঘটনার সময় উপস্থিত ইউনিট সদস্যদের বয়ানে কেন মিল নেই। এই সব প্রশ্নই এখন তদন্তের কেন্দ্রে।ঘটনার প্রায় এক সপ্তাহ পর, ৫ এপ্রিল, অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার তালসারির মেরিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে অনিচ্ছাকৃত খুন, অপরাধমূলক ষড়যন্ত্র এবং বিভ্রান্তিকর তথ্য দেওয়ার মতো গুরুতর ধারায় মামলা রুজু করেছে পুলিশ।এই মামলায় ইতিমধ্যেই পাঁচজনকে সমন পাঠানো হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’-এর কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়, পরিচালক শুভাশিস মণ্ডল, এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তী। নির্ধারিত সময়ের মধ্যে তাঁরা হাজিরা না দিলে আইনানুগ কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলেই ইঙ্গিত মিলেছে।তদন্তকারী সংস্থার তরফে জানা গিয়েছে, প্রয়োজনে প্রত্যেক অভিযুক্তকে সরাসরি জিজ্ঞাসাবাদের জন্য কলকাতায় গিয়ে পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু হয়েছে বলে ও সূত্রের দাবি।এদিকে, এই ঘটনায় টলিউডে নেমে এসেছে শোকের ছায়া। অভিনেতার পরিবারের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই তালসারিতে পৌঁছেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত ও সৌরভ দাসসহ একাধিক শিল্পী।সব মিলিয়ে, রাহুলের মৃত্যুকে ঘিরে রহস্য আরও গভীর হচ্ছে। তদন্তের পরবর্তী ধাপ এবং পুলিশের পদক্ষেপ এখন এই ঘটনার মোড় ঘোরাতে পারে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *