বার্টলেটের ঝোড়ো স্পেলে ধাক্কা,বৃষ্টিতে ভেস্তে ম্যাচ পয়েন্ট ভাগ কেকেআর পাঞ্জাব

চলতি আইপিএল ২০২৬ মরসুমে দুরন্ত ছন্দে থাকা পাঞ্জাব কিংস আরও একবার শক্তিশালী বোলিং প্রদর্শন করল।তবে শেষমেশ বৃষ্টির জন্য ম্যাচ পরিত্যক্ত হয়ে গেলে পয়েন্ট ভাগ করে নিতে হল কলকাতা নাইট রাইডার্স এর সঙ্গে।

ম্যাচের শুরু থেকেই পাঞ্জাবের বোলাররা কেকেআরের ব্যাটিং লাইনআপের ওপর চাপ সৃষ্টি করে। ওপেনিংয়ে নামেন অজিঙ্কা রাহানে ও ফিন অ্যালেন। তবে আগের ম্যাচগুলোর মতো এদিনও ব্যর্থ হন অ্যালেন। ইনিংসের দ্বিতীয় ওভারে জেভিয়ার বার্টলেট এর আগুনে স্পেলে মাত্র ৭ বলে ৬ রান করে আউট হন তিনি।

একই ওভারে বড় ধাক্কা খায় কেকেআর। বার্টলেটের গতির সামনে টিকতে পারেননি ক্যামেরন গ্রিন ও। মাত্র ২ বলে ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এক ওভারে দুই গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচের গতি পুরোপুরি ঘুরিয়ে দেন বার্টলেট।যা পাঞ্জাবকে স্পষ্টভাবে এগিয়ে দেয়।

দুই উইকেট পড়ার পর চাপে পড়ে কেকেআর। সেই পরিস্থিতিতে রাহানে এবং অঙ্গকৃষ রঘুবংশী ইনিংস সামলানোর চেষ্টা করেন। ধীরে ধীরে ম্যাচে ফেরার ইঙ্গিতও দিচ্ছিল এই জুটি। কিন্তু ৩.৪ ওভারের মাথায় আচমকাই আবহাওয়ার রূপ বদলে যায়। বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি শুরু হওয়ায় খেলা বন্ধ রাখতে বাধ্য হন আম্পায়াররা।

গ্রাউন্ড স্টাফ দ্রুত মাঠ ঢেকে দিলেও বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখা যায়নি। একসময় আশা করা হচ্ছিল অন্তত সংক্ষিপ্ত ওভারের ম্যাচ হলেও হতে পারে। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পর রাত ১১টা ৫৯ মিনিটে আম্পায়াররা মাঠ পরিদর্শন করে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।

ফলে নিয়ম অনুযায়ী দুই দলই ১ পয়েন্ট করে পায়। পাঞ্জাব তাদের জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে না পারলেও বোলিং পারফরম্যান্সে আত্মবিশ্বাসী থাকবে। অন্যদিকে কেকেআরের জন্য এই পয়েন্ট কিছুটা স্বস্তি দিলেও তাদের ব্যাটিং নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশেষ করে টপ অর্ডারের ধারাবাহিক ব্যর্থতা আগামী ম্যাচগুলিতে দলের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *