শুরুর ধাক্কায় কেকেআর, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শাহরুখ মাইসোর বৈঠক ঘিরে বাড়ছে চাপ
আইপিএল ২০২৬ মরসুমে কলকাতা নাইট রাইডার্সের শুরুটা একেবারেই হতাশাজনক। টানা দুই ম্যাচে পরাজয়ের পর চাপে পড়েছে তিনবারের চ্যাম্পিয়ন দল। ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দলের পারফরম্যান্স যেমন প্রশ্নের মুখে, তেমনই গ্যালারির একটি দৃশ্য ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা।
এই ম্যাচেই প্রথমবার গ্যালারিতে দেখা যায় দলের সহ মালিক শাহরুক খানকে। তাঁর পাশে ছিলেন মেয়ে সুহানা খান এবং কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর। টস জিতে অধিনায়ক আজিঙ্কা রাহানে প্রথমে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেন।যদিও আবহাওয়া ছিল মেঘলা এবং বৃষ্টির সম্ভাবনা ছিল প্রবল। এই সিদ্ধান্ত নিয়েই শুরু হয় সমালোচনা।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে কেকেআর। ওপেনার ফিন অ্যালেন এবং ক্যামেরন গ্রিন দ্রুত আউট হয়ে গেলে মাত্র কয়েক ওভারের মধ্যেই স্কোর দাঁড়ায় ২৫/২। দলের ব্যাটিং লাইন-আপ আবারও প্রশ্নের মুখে পড়ে। এরপর ৩.৪ ওভারের মাথায় বৃষ্টি নামায় খেলা বন্ধ হয়ে যায়, যা ম্যাচের গতি পুরোপুরি বদলে দেয়।
তবে ম্যাচের থেকেও বেশি আলোচনায় আসে বৃষ্টির বিরতির সময়ের একটি মুহূর্ত। ক্যামেরায় ধরা পড়ে শাহরুখ খান এবং ভেঙ্কি মাইসোরের মধ্যে দীর্ঘ ও গম্ভীর আলোচনা। শাহরুখের মুখে স্পষ্ট অসন্তোষের ছাপ নজরে আসে, যা থেকে বোঝা যায় দলের পারফরম্যান্স নিয়ে শীর্ষস্তরেও উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে, টিম কম্বিনেশন নিয়েও প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। অভিজ্ঞ স্পিনার সুনীল নারিন এবং ভারুন চক্রবর্তিকে বাইরে রেখে রভম্যান পাওয়েল এবং নভদীপ সাইনিকে দলে নেওয়ার সিদ্ধান্ত সমালোচনার মুখে। পাশাপাশি, বড় অঙ্কের অর্থে গ্রীনকে দলে নেওয়ার যৌক্তিকতাও এখন প্রশ্নের মুখে।
সব মিলিয়ে, এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি কেকেআর। দ্রুত ঘুরে দাঁড়াতে না পারলে টুর্নামেন্টের শুরুতেই চাপে পড়তে পারে দল। এখন দেখার, টিম ম্যানেজমেন্ট কত দ্রুত সঠিক কম্বিনেশন খুঁজে পায় এবং এই ধাক্কা সামলে কেকেআর ঘুরে দাঁড়াতে পারে কিনা।





