বালিগঞ্জে জনসংযোগে জোর রোহান মিত্রর, গড়িয়াহাট থেকে ডোভার লেন পর্যন্ত বাড়ি বাড়ি প্রচার

দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ কেন্দ্র বালিগঞ্জ বিধানসভায় নির্বাচনী লড়াই ক্রমশই তীব্র হচ্ছে। সেই আবহে এদিন কংগ্রেস প্রার্থী রোহান মিত্র গড়িয়াহাটের থেকে ট্রায়াঙ্গুলার পার্ক দিয়ে তাঁর প্রচার কর্মসূচির সূচনা করেন। শুরু থেকেই জনসংযোগকে হাতিয়ার করে এগোতে দেখা যায় তাঁকে।গড়িয়াহাটের ট্রায়াঙ্গুলার পার্ক থেকে শুরু করে ডাভার লেন পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন রোহান মিত্র। সাধারণ মানুষের দরজায় কড়া নেড়ে নিজের পরিচয় দেন।“আমি রোহান মিত্র, কংগ্রেসের সৌমেন মিত্রর ছেলে, আমাকে ভোট দিন”।এই বার্তাই তুলে ধরেন তিনি। তাঁর এই সরাসরি যোগাযোগের কৌশল স্থানীয় বাসিন্দাদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে বলে মনে করা হচ্ছে।প্রচারের সময় এলাকাবাসীর বিভিন্ন সমস্যা ও অভাব অভিযোগ মন দিয়ে শোনেন কংগ্রেস প্রার্থী। বিশেষ করে প্রবীণ নাগরিকদের সঙ্গে কথা বলে তাঁদের দৈনন্দিন সমস্যার খোঁজ নেন এবং সমাধানের আশ্বাস দেন। তাঁর এই মানবিক সংযোগের রাজনীতি ভোটের ময়দানে আলাদা গুরুত্ব পাচ্ছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। রোহান মিত্র প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্রের পুত্র। ফলে রাজনৈতিক ঐতিহ্য ও পারিবারিক পরিচিতিকে কাজে লাগিয়েই তিনি নিজের প্রচারকে আরও শক্তিশালী করার চেষ্টা করছেন। পাশাপাশি, তরুণ প্রার্থী হিসেবে নতুন প্রজন্মের ভোটারদের কাছেও পৌঁছনোর চেষ্টা স্পষ্ট তাঁর প্রচারে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগামী দিনগুলিতে আরও বিস্তৃত আকারে প্রচার কর্মসূচি চালাবেন রোহান মিত্র। পাড়া বৈঠক, ছোট ছোট জনসভা এবং সরাসরি জনসংযোগ।এই তিনকেই হাতিয়ার করে ভোটের লড়াইয়ে এগোতে চান তিনি।সব মিলিয়ে, বালিগঞ্জ কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর এই বাড়ি বাড়ি প্রচার রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলতে পারে, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *