আরসিবি ম্যাচের পর রহস্যমৃত্যু, মুম্বই হোটেলে ব্রিটিশ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারের দেহ উদ্ধার
মুম্বইয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচারের কাজে এসে আকস্মিক মৃত্যু হল এক ব্রিটিশ প্রযুক্তিবিদের। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যানফোর্ড। ঘটনাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে।যদিও প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর কোনও স্পষ্ট প্রমাণ মেলেনি বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, আইপিএলের সম্প্রচার সংক্রান্ত কাজে যুক্ত ছিলেন ইয়ান। গত ২৪ মার্চ তিনি মুম্বাই এ পৌঁছন এবং একটি অভিজাত হোটেলে ওঠেন। নিয়মমাফিক কাজও শুরু করেছিলেন তিনি। সূত্রের দাবি, ঘটনার আগের দিন একটি ম্যাচের সম্প্রচার শেষে হোটেলে ফিরে যান ইয়ান। সবকিছু স্বাভাবিকই ছিল বলে জানিয়েছেন সহকর্মীরা।কিন্তু পরদিন সকালে শুরু হয় উদ্বেগ। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ইয়ানের কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না। একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন তোলেননি। এতে সন্দেহ বাড়ে হোটেল কর্তৃপক্ষের। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ‘মাস্টার কি’ ব্যবহার করে তাঁর ঘরের দরজা খোলা হয়।ঘরে ঢুকেই চমকে ওঠেন হোটেল কর্মীরা। মেঝেতে পড়ে ছিলেন ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। দ্রুত চিকিৎসক ডেকে আনা হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এর পরই খবর দেওয়া হয় স্থানীয় পুলিশকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘরে কোনও রকম জোরপূর্বক প্রবেশ বা ধস্তাধস্তির চিহ্ন পাওয়া যায়নি। ফলে স্বাভাবিক মৃত্যুর সম্ভাবনাই বেশি বলে মনে করছেন তদন্তকারীরা। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।পুলিশ আরও জানিয়েছে, ইয়ানের শরীরে কোনও দৃশ্যমান আঘাতের চিহ্ন নেই। তাঁর ব্যক্তিগত জিনিসপত্রও অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এতে আপাতত অপরাধমূলক দিকটি তেমন জোর পাচ্ছে না। তবুও সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।সহকর্মীদের মতে, দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রীড়া সম্প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন ইয়ান। অভিজ্ঞ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার হিসেবে তাঁর সুনাম ছিল। আইপিএলের মতো বড় টুর্নামেন্টে কাজ করার জন্য নিয়মিতই বিভিন্ন দেশে সফর করতেন তিনি।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আইপিএল মহল ও সম্প্রচার জগতে শোকের ছায়া নেমে এসেছে। বিদেশ থেকে এসে দায়িত্ব পালন করতে গিয়ে এভাবে মৃত্যু?মেনে নিতে পারছেন না অনেকেই।এদিকে, ব্রিটিশ দূতাবাসকেও বিষয়টি জানানো হয়েছে। তাঁদের সঙ্গে যোগাযোগ রেখে পরবর্তী আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে প্রশাসন। পরিবারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে।সব মিলিয়ে, আপাতভাবে স্বাভাবিক মৃত্যু বলেই মনে হলেও, আইপিএলের ব্যস্ত মরসুমের মাঝে এমন আকস্মিক ঘটনার জেরে তৈরি হয়েছে রহস্য। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই স্পষ্ট হবে ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ডের মৃত্যুর প্রকৃত কারণ।





