৪৮ ঘণ্টায় টলিপাড়ায় ডাবল শোক,রাহুলের পর অকালে প্রয়াত অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি টলিপাড়া। সেই আবহের মধ্যেই ফের দুঃসংবাদ আছড়ে পড়ল বাংলা বিনোদন জগতে। অকালে প্রয়াত হলেন ছোটপর্দার পরিচিত মুখ প্রণব চট্টোপাধ্যায়। মাত্র ৩৩ বছর বয়সে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।তালসারিতে শুটিং করতে গিয়ে রাহুল অরুণোদয়ের মর্মান্তিক মৃত্যুর পর থেকেই স্তব্ধ হয়ে রয়েছে টলিপাড়ার শিল্পী মহল। সহকর্মীর এই অকালপ্রয়াণ মেনে নিতে না নিতেই আর এক তরুণ অভিনেতার চলে যাওয়ার খবরে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই অভিনেতার মৃত্যু কার্যত নাড়িয়ে দিয়েছে বাংলা টেলি ও চলচ্চিত্র দুনিয়াকে।প্রণব চট্টোপাধ্যায় মূলত ছোট পর্দার পরিচিত মুখ হিসেবে দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছিলেন। কালার্স বাংলার ‘বসন্ত বিলাস মেসবাড়ি’ এবং জি বাংলার ‘ভগবান দাস’এর মতো ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের জায়গা তৈরি করেছিলেন। সহকর্মীদের মতে, পরিশ্রমী ও সদা হাস্যোজ্জ্বল মানুষ হিসেবে সেটে সকলের প্রিয় ছিলেন প্রণব।হঠাৎ করেই তাঁর এই মৃত্যুতে স্তম্ভিত পরিবার থেকে সহকর্মী,সকলেই। এখনও পর্যন্ত তাঁর অসুস্থতার কোনও পূর্বাভাস ছিল না বলেই জানা গিয়েছে। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে এমন অকাল প্রয়াণে প্রশ্ন উঠছে তরুণ প্রজন্মের স্বাস্থ্য নিয়েও।টলি পাড়ার একাধিক শিল্পী সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন। অনেকেই লিখেছেন, “এভাবে একের পর এক চলে যাওয়া মেনে নেওয়া কঠিন।” কাজের প্রতি নিষ্ঠা এবং বিনয়ী স্বভাবের জন্য প্রণবকে মনে রাখবেন তাঁর সহকর্মীরা।এক দিকে রাহুল অরুণোদয়ের অকালপ্রয়াণ, অন্যদিকে প্রণব চট্টোপাধ্যায়ের হঠাৎ মৃত্যু।এই জোড়া ধাক্কায় শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত। খুব অল্প সময়ের মধ্যে এমন দুই মর্মান্তিক ঘটনায় শিল্পী মহলের পাশাপাশি দর্শকরাও শোকাহত।জীবন যে কতটা অনিশ্চিত, ফের একবার তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই দুই তরুণ শিল্পীর অকাল বিদায়। টলিপাড়া আজ শোকাচ্ছন্ন।স্মৃতিতে রয়ে যাবে দুই অভিনেতার কাজ ও তাঁদের অসমাপ্ত স্বপ্ন।





